সম্প্রতি, ফ্লাইওভারে শেখ হাসিনার গ্রাফিতি দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এছাড়া, সেতুর পিলারে শেখ হাসিনার গ্রাফিতি দাবিতে আরো একটি ছবি প্রচার করা হয়েছে। এসব ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ওলি গলিতে লিইখা দে, শেখের বেটি আইতাছে।”
প্রথম ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
একই ছবি দেখুন ইউটিউবে।
দ্বিতীয় ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার গ্রাফিতির ছবিগুলো বাস্তব নয় বরং, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত গ্রাফিতিগুলোর বিষয়ে কোনো তথ্য বিশ্বস্ত বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবি দুইটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এগুলো গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

জেমিনি জানাচ্ছে, ছবিগুলোতে কিছু অসঙ্গতি দৃশ্যমান। প্রথমত, সামনের পিলারগুলোর বাংলা লেখাগুলো দূর থেকে ঠিক মনে হলেও, ভালোমতো লক্ষ্য করলে দেখা যাবে কিছু অক্ষরের গঠন ও যুক্তাক্ষর স্বাভাবিক লেখার মতো নিখুঁত নয়। বিশেষ করে পেছনের পিলারের লেখাগুলো দূরত্বের সাথে সাথে অস্পষ্ট এবং বিকৃত হয়ে গেছে, যা কোনো বাস্তব লেখা নয় বরং এআই স্ক্রিপ্ট নকল করার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, ফ্লাইওভারের রেলিং, ওপরের বৈদ্যুতিক তার এবং খুঁটিগুলো খেয়াল করলে দেখা যাবে সেগুলো পেছনের দিকে যাওয়ার সাথে সাথে অবাস্তবভাবে একে অপরের সাথে মিশে গেছে বা বেঁকে গেছে। বাস্তব কোনো ইঞ্জিনিয়ারিং কাঠামোতে এমনটা হয় না। দ্বিতীয় ছবিতে ডানদিকের সরু ফুটপাত এবং রেলিংয়ের জ্যামিতিক নকশাতেও একই ধরনের বিচ্যুতি রয়েছে। তৃতীয়ত, পিলারের নিচের অংশের নৌকা ও মাছের চিত্রকর্ম এবং ওপরের ফুলগুলোর নকশা অতিরিক্ত নিখুঁত ও ডিজিটাল ড্রয়িংয়ের মতো মসৃণ। বাস্তব দেয়ালে হাতে আঁকা ম্যুরাল বা দেয়ালচিত্রে যে ধরনের স্বাভাবিক রঙের টেক্সচার বা ছোটখাটো খামতি থাকে, এখানে তা অনুপস্থিত। এছাড়া পেছনের গাড়ি এবং মানুষগুলোর আকৃতিতেও কিছুটা অস্পষ্টতা ও বিকৃতির ছাপ রয়েছে।
সুতরাং, সেতু-ফ্লাইওভারে শেখ হাসিনার গ্রাফিতি দাবিতে প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Ai Analysis


