সম্প্রতি, ‘ঈদে বাড়ি যাওয়ার পথে দুইটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা লেগে পানিতে ডুবে যাচ্ছে। অনেক মানুষ মারা গেছে।’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা ছবি খুঁজে পাওয়া যায়নি।
গত ১৮ মার্চ সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুইজন মারা যান। তবে, আলোচিত দাবিটি গত ১৭ মার্চ প্রকাশিত হয়। সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন মারা গেলেও, আলোচিত পোস্টে দাবি করা হয়, লঞ্চ দুইটি ডুবে যাচ্ছে এবং অনেক মানুষ মারা গেছে।
এছাড়া প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ।
সুতরাং, সংঘর্ষে দুইটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect
- Desh Rupantor – সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ, নিহত ২


