জোবাইদা রহমানের পরিশ্রম ও সেবায় খালেদা জিয়া সুস্থ এবং হাঁটতে পারছেন দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “আলহামদুলিল্লাহ আমার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং সেবায় আমার দাদু একটু সুস্থ এবং হাঁটতে পারতেছে সকলেই দোয়া করবেন” শিরোনামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত শর্টস দেখুন: এখানে, এখানে এবং এখানে।
অনুরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে।
এছাড়া, টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে এবং এখানে।
পাশাপাশি, Dr. Zubaida Rahman নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকেও একই ছবি প্রচার হতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. জোবাইদা রহমানের পরিশ্রম ও সেবায় খালেদা জিয়া সুস্থ এবং হাঁটতে পারছেন দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে খালেদা জিয়ার দাঁড়িয়ে থাকার অঙ্গভঙ্গি ও ত্বকের গঠনসহ পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের ছবি শনাক্তকরণ বিশেষ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। বিশ্লেষণে জানা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।

ছাড়া, ছবিটি আরেক এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টে পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬ শতাংশেরও বেশি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে আজ ১৮ ডিসেম্বরে ‘bdnews24’ এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
সুতরাং, এআই দিয়ে তৈরি করা ছবিকে ডা. জোবাইদা রহমানের পরিশ্রম ও সেবায় খালেদা জিয়া সুস্থ এবং হাঁটতে পারছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor: চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া
- Bdnews24: খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন: জাহিদ
- Rumor Scanner’s Analysis

