সম্প্রতি, ‘”২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ:আসিফ নজরুল গ্রেফতার হয়েছেন” এই সব হারাম খোরদের কারণে জুলাইর পরও দেশের এমন অবস্থা’’ ও ‘দেশ ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বিমানবন্দরে ৬০০ কোটি টাকা সহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার আসিফ নজরুল’ শিরোনামে দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

১ম দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
২য় দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও সংযুক্ত করে এ দাবি প্রচার করা হয়েছে।
২০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবি যাচাই
১ম ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১৯ ফেব্রুয়ারি ‘সরকারকে জামায়াতের হুঁশিয়ারি | “আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৬ সেকেন্ড অংশ থেকে ১৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। তবে উক্ত ভিডিওর কোথাও আসিফ নজরুলকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকারবিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে।
২য় ভিডিও যাচাই
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ব্যক্তিদের মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
এছাড়া, আলোচিত দাবির ভিডিওতে আরও বেশ কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ ব্যবহার করা হয়েছে।
বিমানবন্দর থেকে ৬০০ কোটি টাকাসহ আসিফ নজরুল গ্রেফতারের দাবি যাচাই
১ম ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৪ জুলাই ‘৯১ অ্যাকাউন্টে ২শ’ কোটি টাকা লেনেদেন!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৯ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ২০২০ সালের ১৪ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিনো কেলেংকারি মামলায় গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়ার ৯১টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে সিআইডি। গত পাঁচ বছরে এনু-রূপনের বিভিন্ন ব্যাংক হিসাবে ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে।
২য় ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ‘আবারও ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩১ সেকেন্ড অংশ থেকে ৩৪সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

৩য় ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে কালের কণ্ঠের ইউটিউব গতবছরের ১৪ অক্টোবর ‘চট্টগ্রামের বাকলিয়ায় টাকা,ইউরো,ডলারসহ ২০ কোটি টাকার জাল নোট জ/ব্দ’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১০ সেকেন্ড অংশ এবং ২ মিনিট ২৩ সেকেন্ড অংশ থেকে ২ মিনিট ২৯ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গতবছরের ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চট্টগ্রামের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামের এক যুবককে বিদেশি জাল মুদ্রা—ডলার, ইউরো, রিয়াল ও দিরহামসহ আটক করে র্যাব।
ছবি যাচাই
প্রচারিত থাম্বনেলে থাকা ছবিটি পর্যবেক্ষণ করলে ব্যক্তিদের মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘SIA (2022)’ মডেলের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
এছাড়া, আলোচিত দাবির ভিডিওতে আরও বেশ কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
সুতরাং, আসিফ নজরুল গ্রেফতারের দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Channel 24 – সরকারকে জামায়াতের হুঁশিয়ারি | “আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি
- Independent Television – গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
- SOMOY TV – ৯১ অ্যাকাউন্টে ২শ’ কোটি টাকা লেনেদেন!
- Jugantor – ক্যাসিনো এনু-রূপনের ৯১টি ব্যাংক অ্যাকাউন্ট!
- SOMOY TV – আবারও ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান
- Kaler Kantho Digital – চট্টগ্রামের বাকলিয়ায় টাকা,ইউরো,ডলারসহ ২০ কোটি টাকার জাল নোট জ/ব্দ
- Prothom Alo – চট্টগ্রামে ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম জব্দ
- The Daily Inqilab – আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল
- DeepFake-o-meter
- Rumor Scanner’s Analysis


