গতকাল ১২ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ৯৩ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১২ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশের দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Amnan Mirza pti’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২১ সেপ্টেম্বর একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত টিকিটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে বোঝা যায় যে এটি একজন পাকিস্তানের রাজনৈতিক দল ‘Pakistan Tehreek-E-Insaf’ সমর্থক কর্তৃক পরিচালিত।
তবে ভিডিওটি কবেকার বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।
উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (১, ২, ৩) প্রচার করা হয়ে হয়েছে।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওর পারিপার্শ্বিক অবস্থার অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণে ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ ও এআই দিয়ে তৈরি কনটেন্টের লেবেল দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের মূলধারার গণমাধ্যম ও পিটিআই সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি।
পরবর্তীতে আলোচিত এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ১২ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Amnanmirzapti – TikTok Video
- Hive Moderation
- Rumor Scanner’s Analysis


