আ.লীগ নেতাকর্মীদের ঢাকা এ্যাটাক কর্মসূচির দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকা এ্যাটাক কর্মসূচি দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে রাস্তায় আগুন জ্বলতে দেখা যায় ও জনতাকে, “জয় বঙ্গবন্ধু জয় বাংলা, অবৈধ ট্রাইবুনাল মানি না” স্লোগান দিতে শোনা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৪৭ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকা এ্যাটাক কর্মসূচি দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায় গাড়িগুলো মানুষের ওপর দিয়ে চলে গেলেও তারা অক্ষত ও হাঁটাচলা করছেন, হাঁটাচলা ব্যক্তিরা সবাই সমান গতিতে চলছে এবং ভিডিওতে থাকা কিছু ব্যক্তিদের শারীরিক গড়নের অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের কোনো কর্মসূচির ঘটনা সম্পর্কে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে জানা যায়নি৷ আওয়ামী লীগ এমন আগুন জ্বালিয়ে, রাস্তা অচল করে আন্দোলন করলে সেবিষয়ে গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকা এ্যাটাক কর্মসূচির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: