তেল আবিবে ইরানের মুহুর্মুহু হামলা দাবিতে এআই ভিডিও প্রচার 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের তেল আবিবে ইরানের মুহুর্মুহু হামলা দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে গণমাধ্যমের ভিডিও দেখুন চ্যানেল ওয়ান (ইউটিউব), বিডি২৪রিপোর্ট (ফেসবুক)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যালোচনা করে এতে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। ভিডিওর উপাদানগুলো যেমন, ভবন ও গাড়িগুলোর অস্বাভাবিক আকৃতি ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি বলে সন্দেহের উদ্রেক করে। এছাড়া, ভিডিওতে দৃশ্যগত ত্রুটি রয়েছে যা এআই ভিডিওগুলোর সাধারণ বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের গতিবিধি, ধোঁয়ার ঘনত্ব এবং বিস্ফোরণের প্রকৃতির অতিরঞ্জিত এবং অবাস্তব চিত্রণ।

পরবর্তী অনুসন্ধানে গত ০২ মার্চ paralelverse_net নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটির একটি সংস্করণ খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও।

পরবর্তীতে একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সাহায্যে আলোচিত ছবিটি যাচাই করলে এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশের বেশি বলে জানা যায়।

ভিডিওটি ভুয়া হলেও, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মধ্যে ইরান আগেই ঘোষণা করেছিল যে তারা তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সুতরাং, তেল আবিবে ইরানের মুহুর্মুহু হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: