বিমানের জানালা থেকে এভারেস্ট আরোহনের দৃশ্য দেখা যাওয়ার দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, একজন যাত্রী হিমালয়ের অনেক উঁচুতে উড়োজাহাজের জানালা থেকে মাউন্ট এভারেস্টে আরোহীদের আরোহনের এক বিরল ও শ্বাসরুদ্ধকর দৃশ্য ধারণ করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Anand Pandey’ নামের একটি ইন্সটাগ্রাম প্রোফাইলে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি কৈলাশ পর্বতের উপর দিয়ে উড়ে যাওয়ার দৃশ্য।
ভিডিওটির প্রথম অংশে যে ব্যক্তিকে দেখা যায়, ওই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত অন্যান্য ভিডিওতেও একই ব্যক্তিকে দেখা যায়।
ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়। অ্যাকাউন্টের বায়োতে ব্যবহারকারী নিজেকে এআই ও ভিএফএক্স শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। ইন্সটাগ্রামের ‘About’ তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালিত হচ্ছে। এছাড়া, অ্যাকাউন্টে এমন অনেক কনটেন্ট রয়েছে (১,২,৩) যা খালি চোখেই এআই দিয়ে তৈরি বলে বোঝা যায়।
অর্থাৎ, একজন এআই শিল্পী পরিচয় প্রদানকারীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ভিডিওটির সূত্রপাত।
পরবর্তীতে, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট ‘Hive Detector’-এ পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশের বেশি।
সুতরাং, বিমানের জানালা থেকে হিমালয় আরোহীদের আরোহনের দৃশ্য দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-জেনারেটেড।
তথ্যসূত্র
- Hive Detect.
- Anand Pandey – Instagram Post

