জামায়াতের পক্ষে হিন্দু নারীর কথা বলার ভিডিও দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, ‘জামাতের জন্য আর চুপ থাকতে পারলেন না হিন্দু নারী।’ শিরোনামে ‘বাংলা ফ্রেশ নিউজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে শাঁখা-সিঁদুর পরিহিত এক হিন্দু নারীকে বলতে শোনা যায়, “জামাতের নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে তা নিয়ে নারীবাদীদের কোন মাথাব্যথা নেই। অথচ জামাতের পোস্ট নিয়ে তারা জেগে উঠেছে। যেই পোস্টে জামাতের কোন দোষ নেই। তারা এই পোস্ট দেয়নি। এই পোস্ট হ্যাকাররা দিয়েছে। যা প্রমাণিত হয়েছে। তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে, জামাত ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা সব ষড়যন্ত্র রুখে দেবো। আপনারা সাথে থাকবেন।”

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। তার প্রোফাইলে শেয়ারকৃত ভিডিও পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এবিষয়ে অনুসন্ধানে ভিডিওটি পর্যালোচনা করে এটিতে কিছু এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে দেখতে পাওয়া নারীর হাতের আংটি কিছু ফ্রেমে দেখা যাচ্ছে আবার কিছু ফ্রেমে হারিয়ে যাচ্ছে। অপরদিকে নাকের গহনা (নথ) যেটি নাক থেকে মাথার দিকে লাগানো থাকে, সেটিও নাকের সাথে যুক্ত থাকতে দেখা যাচ্ছে না।

পরবর্তীতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে আলোচিত ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ।

সুতরাং, হিন্দু নারীর জামায়াতে ইসলামীর নারী সদস্যদেরও ওপর হওয়া হামলার বিষয়ে কথা বলার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Deepfake-O-Meter
  • Rumor Scanner’s Analysis
Share: