লকডাউনে ফেনীতে সড়কে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ডাক দেয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে দলটির কর্মী-সমর্থকরা। এর প্রেক্ষিতে ফেনীতে সেদিন ভোর রাতে সড়কে একাধিক স্থানে আগুন দেওয়া হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই ঘটনার একটি ছবিও আলোচিত দাবিতে ফেসবুকে প্রচার করা হয়। এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরে সড়কে আগুন দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, গতবছর আন্দোলন চলাকালীন ৪ আগস্ট ফেনীতে ধারণ জনশূণ্য একটি সড়কের ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে আগুন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট সুনসান নীরব নিস্তব্ধ ফেনী শহর শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। পারিপার্শ্বিক অবস্থাসহ রাস্তায় পড়ে থাকা আবর্জনার অবস্থানেরও হুবহু মিল লক্ষ্য করা যায়। তবে প্রাপ্ত ছবিটিতে আলোচিত ভিডিওর মত রাস্তায় আগুন দেখতে পাওয়া যায়নি।

তাই ভিডিওটি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখে রিউমর স্ক্যানার। বিশ্লেষণে ভিডিওটিতে বেশকিছু এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ছবির ডানপাশে উপস্থিত আলোক বিলবোর্ডের উপরের একটি তারকে আলোচিত ভিডিওটিতে ট্রাফিক সিগন্যাল লাইট হিসেবে দেখানো হয়েছে। যাতে লাল ও সবুজ রঙের লাইট অস্বাভাবিকভাবে একইসাথে জ্বলতে দেখা যায়। এছাড়াও সড়কের অপরপাশ থেকে একটি গাড়ি আসতে দেখা গেলেও তা হঠাৎ মিলিয়ে যায়। যেটিকে আর পরবর্তীতে দেখতে পাওয়া যায়না। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ভিডিওটি উক্ত ছবিকে ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

পাশাপাশি ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ফেনী শহরেরর উক্ত ছবিটি ২০২৪ সালে ৪ আগস্ট ধারণ করা হয়। সরকার পতনের এক দফা আন্দোলনে দিনভর হওয়া নানা সহিংসতার পরে সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোড জনশূণ্য হয়ে পড়ায় উক্ত ছবিটি তোলা হয়।

অর্থাৎ, ফেনী শহরের উক্ত ছবিটির সাথে আওয়ামী লীগের গত ১৩ নভেম্বর ডাকা লকডাউন কর্মসূচির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ফেনী শহরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষে সড়কে আগুন দেওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: