সম্প্রতি, মেট্রোরেলের পিলারে ফাটল ধরার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১১ লাখ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেট্রোরেলের পিলারে ফাটল ধরার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর দুই পাশে চলমান গাড়িগুলোর গতিতে অস্বাভাবিকতা, রাস্তার মধ্যে হঠাৎ নতুন গাড়ি চলে আসা ও রিকশায় থাকা চালকদের শরীরের গড়নের অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীতে সংঘটিত ভূমিকম্পে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মধ্যে রয়েছে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট।
কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল দেখা গেছে। বিজয় সরণি স্টেশনের সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল লক্ষ্য করা যায়। পল্লবী স্টেশনে বৈদ্যুতিক সাব-স্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল ধরা পড়েছে। মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশনের ফ্লোরে এবং মিরপুর-১০ স্টেশনের কিছু টাইলসে ফাটল পাওয়া গেছে। ফার্মগেট স্টেশনে লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।
তবে, ভূমিকম্পের কারণে মেট্রো চলাচলের বিভিন্ন লাইনে তৈরি হওয়া ফাটলে তেমন ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল ওহাব। তিনি গণমাধ্যমকে বলেছেন, ভূমিকম্পের পর প্রথমিক পরীক্ষা শেষেই মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে মেট্রোরেলের পিলারে ফাটল ধরার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)
- Deshrupantor – ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
- Ekhon.tv – ভূমিকম্পের কারণে মেট্রোরেলের লাইনে ফাটল; ঝুঁকি দেখছেন না প্রকল্প পরিচালক


