গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোসহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে দুবাইয়ে ইরানের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুক প্রচার পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের হামলার ঘটনাগুলো সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও আলোচিত ভিডিওটি এমন কোনো সূত্রে পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির সূত্রপাত ‘wijoem’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি থেকে ভিডিওটি পোস্ট করার পর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। পেজটির পরিচিতি অংশে উল্লেখ করা হয়েছে যে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভিডিও শেয়ার করা হয়।
পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম এতে একাধিক এআই-জনিত অসংগতি শনাক্ত করে। ভিডিওর কয়েকটি দৃশ্যে বারান্দার রেলিংয়ের ওপর অস্বাভাবিকভাবে বিকৃত ও অসামঞ্জস্যপূর্ণ হাত দেখা যায়। একইসঙ্গে একটি দৃশ্যে এক ব্যক্তির হাতের আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা ও বিকৃত আকারে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে ভিডিওটি এআই শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টে পরীক্ষা করে দেখা হয়। এতে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে নির্দেশ করে।
সুতরাং, দুবাইয়ে ইরানের হামলার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect.
- Rumor Scanner’s analysis.


