ইসরায়েলে ইরানের মিসাইল হামলার দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে ‘ইসরাইলে পরিস্থিতি খুবই ভয়াবহ ইরানের মিসাইলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেলো ইসরাইল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিওতে সময় টিভির লোগো যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

পরবর্তীতে, আলোচিত ভিডিওতে থাকা সময় টিভির লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে পর্যালোচনা করে উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, সময় টিভিও এটি প্রকাশ করেনি।

সুতরাং, ইসরায়েলে ইরানের মিসাইল হামলার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: