‘চরমোনাই পীরকে ৩০টির বেশি আসন দিতে পারবো না’ শিরোনামে জামায়াতের বক্তব্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস জোটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে “চরমোনাই পীর থাকলে থাকুক না থাকলে নাই,,আমরা একাই একশো – জামায়াত” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে বলতে শোনা যায়, আমাদের কথা একটাই, আমাদের ১৯০টি আসন লাগবেই। বাকিগুলো চাইলে তাদেরকে ভাগ করে দিতে পারি। চরমোনাই পীরকে ৩০টির বেশি আসন দিতে পারবো না। এখন মন চাইলে তারা থাকুক, না চাইলে না থাকুক। ইসলামী আন্দোলন এমন কোনো দল না যে তাদেরকে ৭০টি আসন দিতে হবে। জামায়াতে ইসলামী একাই একশো।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘চরমোনাই পীরকে ৩০টির বেশি আসন দিতে পারবো না। এখন মন চাইলে তারা থাকুক, না চাইলে না থাকুক’ বলে কোনো বক্তব্য দেয়নি জামায়াত। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি সূত্রপাতের বিষয়ের অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Sesh Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (১৪ জানুয়ারি) দুপুর ০১ টা ৪১ মিনিটে সম্ভাব্য প্রথম ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

‘Sesh Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির বায়োতে লিখা রয়েছে ‘এই পেইজের সকল ভিডিও এআই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনা গুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়।’

অর্থাৎ, এটি একটি সার্কাজম পেজ।
পরবর্তীতে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তৈরি কিনা সে বিষয়ে যাচাই করে রিউমর স্ক্যানার। এআই কনটেন্ট শনাক্তকারী টুলস ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘XCLIP (2022)’ এর বিশ্লেষণে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, ‘চরমোনাই পীরকে ৩০টির বেশি আসন দিতে পারবো না। এখন মন চাইলে তারা থাকুক, না চাইলে না থাকুক’ শিরোনামে জামায়াতের বিবৃতি দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Prothom Alo: জামায়াতের জোটে চরমোনাই পীর ও মামুনুল হকের থাকা অনিশ্চয়তায়
- Sesh Tv: Facebook Page
- Rumor Scanner’s Analysis

