জকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীর বিজয় হয়নি, প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত 

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এরই প্রেক্ষিতে “জকসু’তে ভিপি পদে ছাত্রদলের বিজয়” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী জয়লাভ করেনি, বরং ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে রিয়াজুল ইসলাম ভিপি নির্বাচিত হয়েছেন। এছাড়া, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত এই শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএসসহ ১৬ পদে ছাত্রশিবির প্যানেল থেকে প্রার্থীদের জয় হওয়ার খবর পাওয়া যায়।

পাশাপাশি, জকসু নির্বাচনে পদ অনুযায়ী ফলাফল বিশ্লেষণেও একই তথ্য জানা যাচ্ছে।

পরবর্তীতে আলোচিত ভিডিওটি সূত্রপাতের বিষয়ের অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Sesh Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (০৭ জানুয়ারি) বিকেল ০৪ টা ৫৫ মিনিটে সম্ভাব্য প্রথম ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

‘Sesh Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির বায়োতে লিখা রয়েছে ‘এই পেইজের সকল ভিডিও এআই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনা গুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়।’ 

অর্থাৎ, এটি একটি সার্কাজম পেজ।

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তৈরি কিনা সে বিষয়ে যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

পাশাপাশি, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক টুলস ‘ডিপফেক ও মিটার’ এর বিশ্লেষণেও প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ফল ঘোষণার আগেই জকসু’তে ভিপি পদে ছাত্রদলের বিজয় হয়েছে শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: