নর্দমার পানি দিয়ে বাংলাদেশে বিরিয়ানি রান্নার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে যাতে দেখা যায় এক ব্যক্তি নর্দমার থেকে পানি তুলে খাবার রান্না করছেন। ভিডিওটি নানা ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটিতে নর্দমার পানি দিয়ে বাংলাদেশে বিরিয়ানি রান্নার আসল দৃশ্য প্রদর্শিত হয়েছে।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নর্দমার পানি দিয়ে বাংলাদেশে বিরিয়ানি রান্নার আসল দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভুয়া ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে বেশকিছু অসংগতি লক্ষ্য করা যায়৷ ভিডিওর শুরুতে বড় হাতায় (Ladle) করে খানিকটা পানি নর্দমা থেকে তুলতে দেখা যায়, কিন্তু পরে যখন তা রান্না হওয়া খাবারে ঢালা হয়, তা অস্বাভাবিকভাবে অনেক বেশি পরিমাণে পানি ঢালতে দেখা যায়। তাছাড়া, বিরিয়ানি সাধারণত চাল দিয়ে রান্না হলেও ভিডিওতে প্রদর্শিত খাবারে চালের চেয়ে অস্বাভাবিক লম্বা ভিন্ন কোনো এক বস্তু দেখা যায়। ভিডিওর শেষাংশে বড় হাতাটি একটি ছোট বাটির উপর রাখা হয় এবং তা স্থিরভাবে থাকতে দেখা যায়। কিন্তু প্রকৃতপক্ষে বড় হাতার মতো ভারী কোনো বস্তু এরূপ ছোট বাটিতে রাখলে তা ভারের কারণে সাথে সাথেই পড়ে যাওয়ার কথা। এছাড়াও, পুরো ভিডিওতে পেছনে থাকা মানুষ ও পারিপার্শ্বিক অবস্থা অস্বাভাবিকভাবে পুরোপুরি স্থির থাকতে দেখা যায়। এসব অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন দিয়ে বিশ্লেষণ করলে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ দেখা যায়।

সুতরাং, নর্দমার পানি দিয়ে বাংলাদেশে বিরিয়ানি রান্নার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • AI Analysis
Share: