আইপিএল থেকে বাদ দেওয়ায় মুস্তাফিজের বক্তব্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার 

আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে মুস্তাফিজের বদলে নতুন খেলোয়াড় নেওয়ার অনুমতিও ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে “বাদ যাওয়ার পরে কি বললেন মুস্তাফিজ” শিরোনামে মুস্তাফিজুর রহমানের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে মুস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, “আমি আর আইপিএল কখনো খেলবো না। আমাকে অপমান মানে আমার দেশকে অপমান। ধন্যবাদ বাংলাদেশের মানুষকে, যারা আমাকে এতো ভালোবাসেন। বয়কট আইপিএল।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

‘M R Abdullah’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৪ জানুয়ারি ১১ সেকেন্ড সময়ের দীর্ঘ এই কনটেন্টটি আপলোড করার পর এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৮ লক্ষ বার। কনটেন্ট এনগেজমেন্ট বিশ্লেষণে আরো দেখা যাচ্ছে, ভিডিওতে রিয়েকশন পড়েছে ৪০ হাজারের অধিক। শেয়ার হয়েছে ৩ হাজারের বেশিবার এবং ভিডিওতে মন্তব্য এসেছে ৮৫০টি।

এছাড়া, টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লক্ষাধিক বার দেখা হয়েছে এবং ৩৫ হাজারের বেশি সংখ্যক রিয়াকশন এসেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

পাশাপাশি ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘LIPINC (2024)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা শতভাগ বলে জানা যায়। 

তাছাড়া, ভিডিওটিতে বক্তব্যরত মুস্তাফিজুর রহমানের বক্তব্য অনুসন্ধানে গত বছরের ২৭ ডিসেম্বরে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওটিতে মুস্তাফিজের চেহারা, পোশাক এবং ব্যাকগ্রাউন্ডের মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে, ৯ কোটি টাকার বিনিময় চুক্তিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে পারার বিষয়ে মুস্তাফিজকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।

সুতরাং, ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ায় তার প্রতিক্রিয়ামূলক বক্তব্যের দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই-তৈরি।

তথ্যসূত্র

Share: