সম্প্রতি, “ঢাকায় শুরু হয়েছে পুলিশের অ্যাকশন” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে, একজন পুলিশ সদস্যকে বন্দুক হাতে জনসাধারণের উপর গুলি ছুঁড়তে দেখা যায়।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে উপস্থিত জনসাধারণের ছোটাছুটির দৃশ্য এবং পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ডিপফেক ও মিটারের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

পরবর্তীতে, আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যের কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Bdnews24’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ০৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে হুবহু একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাই মাসে হওয়া আন্দোলনের সময়ে ধারণ করা ছবি।
সুতরাং, “ঢাকায় শুরু হয়েছে পুলিশের অ্যাকশন” শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- DeepFake-O-Meter
- Bdnews24: Leaked audio suggests ex-PM Hasina authorised deadly crackdown on July Uprising protesters, BBC reports
- Rumor Scanner’s Analysis


