খালেদা জিয়া ও ওসমান হাদি প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য দাবিতে এআই ভিডিও প্রচার

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে, ‘ওসমান হাদীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ হলো। কিন্তু বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলো না কেন।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলতে দেখা যায়, ‘ওসমান হাদির জন্য এয়ার এম্বুলেন্স পাওয়া গেলো কিন্তু বেগম জিয়ার জন্য এয়ার এম্বুলেন্স পাওয়া গেলো না। বলা হলো জার্মানির এয়ার এম্বুলেন্সের সমস্যা, কাতারের এম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি। এই কথাগুলো বলতে বলতে বেগম জিয়ার লন্ডন যাত্রাই বন্ধ রাখা হলো কিন্তু একদিনের মধ্যে ওসমান হাদির এয়ার এম্বুলেন্স যোগাড় করে তাকে কিন্তু ঠিকই সিংগাপুরে পাঠানো হলো। বিষয়টা কেমন সন্দেহজনক তাই না?

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ওসমান হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও খালেদা জিয়ার ক্ষেত্রে তা সম্ভব না হওয়া প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সুতরাং, ওসমান হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও খালেদা জিয়ার ক্ষেত্রে তা সম্ভব না হওয়া প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)

