পুলিশ কর্তৃক বিএনপিকে ভোট না দিতে বলার এই ভিডিওটি এআই নির্মিত

সম্প্রতি, পুলিশ ৭ টি কারণে বিএনপিকে ভোট দিতে না করেছে দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে পুলিশ সদস্যদের বলতে শোনা যায়-
‘বিএনপিকে কেনো ভোট দিবেন না:
১. দূর্নীতি বেড়ে যাবে
২. চাঁদাবাজি বেড়ে যাবে
৩. সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে
৪. তাদের দলে অসৎ মানুষের সংখ্যা বেশি
৫. অশিক্ষিত নেতা বেশি
৬. লুটপাট করে
৭. দখল আর পেশিশক্তি দেখায়’

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৯ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুলিশ কর্তৃক বিএনপিকে ভোট না দিতে বলার আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধান, গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিএনপিকে ভোট দিতে না বলার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে থাকা ব্যক্তিদের মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।
সুতরাং, পুলিশ কর্তৃক বিএনপিকে ভোট না দিতে বলার আলোচিত এই ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)

