আ.লীগকে ছাড়া নির্বাচন হতে পারেনা বলে পুলিশের বক্তব্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, আওয়ামী লীগকে ছাড়া ভোট হতে পারেনা বলে পুলিশের বক্তব্য দাবিতে দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ১ম ভিডিওটিতে পুলিশ সদস্যদের পোষাক পরিহিত ব্যক্তিকে বলতে শোনা যায়- ‘আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে এদেশের দশ কোটি মানুষকে বাদ দিতে হবে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দেশের নাম আবার পাকিস্তান রাখতে হবে পারবেন? নিরপেক্ষ ভোট হলে এখনো ৫০ ভাগ ভোট আওয়ামী লীগ পাবে আমি গ্যারান্টি দিলাম। ভিডিওটিতে কমেন্ট করুন ও বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন।’’ ২য় ভিডিওতে, ‘এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। বাপকে অস্বীকার করলে বাপের কিছু যায় আসেনা বরং সন্তান হয় জারজ তেমনি লীগকে যারা স্বীকার করে না তাদের চোদ্দগোষ্ঠী পাকিস্তানি বীজ। আজ একটা কথা ঘোষণা দিয়ে যাই এদেশে নৌকা ছিলো এবং থাকবে। নৌকা ছাড়া কোনো ভোট কল্পনায় ও আনবেননা।’

১ম দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৯৭ হাজারবার দেখা হয়েছে।

২য় দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬৬ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এই বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে থাকা ব্যক্তির পোষাক ও মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে ফলাফল আসে।

ভিডিও যাচাই

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে থাকা ব্যক্তিদের পোষাক ও মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘XCLIP (2022)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে পারেনা বলে পুলিশের বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: