যুক্তরাষ্ট্রে আলোচনা সভায় ডিসেম্বরে দেশে আসা প্রসঙ্গে পুতুলের বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে পুতুলকে ‘আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ডাকে আজ এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। শুনুন, আপনারা যে ঠিকঠাকমতো আপনাদের কাজ করে যাচ্ছেন এজন্য মা খুব খুশি হয়েছেন। আপনারা আপনাদের কাজগুলো এভাবেই করে যাবেন। আপনারা আমাদের বার্তাগুলো শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন, জয় খুব কাছাকাছি ইনশাআল্লাহ। আমার মা এখন সম্পূর্ণ সুস্থ আমরা ডিসেম্বরের মধ্যে ই আমাদের দেশে যাবো ইনশাআল্লাহ।’ বলতে দেখা যায়। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। পুতুলের লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টেও এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি।

পরবর্তীতে, ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ অক্টোবর একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

তবে ভিডিওটিতে পুতুলের বলা বক্তব্য কবেকার বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়,‘জননেত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল, যুক্তরাষ্ট্রে নেতাকর্মীদের নিয়ে করলেন আলোচনা সভা। বললেন ডিসেম্বরে দেশে ফিরছেন তারা। তার বার্তা শেয়ার করে সবার কাছে পৌছে দেয়ার অনুরোধ করলেন তিনি। Source-0 Television’

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (, , ) প্রচার করা হয়ে হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, একই পোশাক ও একই স্থানে পুতুলের একটি ছবি অন্তত ২০১৪ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।

অর্থাৎ, এটা নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ছবিটি অনলাইনে রয়েছে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পুতুল দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছেন গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। পুতুলের মতো ব্যক্তি যুক্তরাষ্ট্রে আলোচনা সভা করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করার কথা।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওতে থাকা পুতুল সদৃশ ব্যক্তির মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: