নির্বাচনে বিএনপিকে ভোট দিতে বলে পুতুলের বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে পুতুলকে ‘১২ তারিখ সারাদিন বিএনপিকে ভোট দিন। বিএনপিকে ভোট দেওয়া আমাদের জন্য ভালো হবে। অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং ভোট কেন্দ্রে যেতে পারে। সবাইকে ধন্যবাদ।’ বলতে দেখা যায়।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১১ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। পুতুলের লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টে এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি।
পরবর্তীতে, ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ ফেব্রুয়ারি একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
তবে ভিডিওটিতে পুতুলের বলা বক্তব্য কবের বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘জননেত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল জাতির উদ্দেশ্যে ভোট চাইলেন ধানের শীষে৷ শেয়ার করে দিতে বললেন ভিডিওটি। আপনার কী মনে হচ্ছে? Video- ai generate’
উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (১, ২, ৩) প্রচার করা হয়ে হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। পাশাপাশি, কথা বলার সময় তার মুখের মুভমেন্টসহ পারিপার্শ্বিক বিষয়গুলোয় অসামঞ্জস্যতা দেখা যায়।
পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ নভেম্বর Regional Director Saima Wazed’s remarks at Regional Commemoration of #WorldDiabetes Day 2024 শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।
ভিডিও দুইটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় ভিডিওতে সায়মা ওয়াজেদের পোশাক, অনুষঙ্গ ও পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে।
পরবর্তীতে, ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।
ভিন্ন দাবিতে গত বছরের অক্টোবর মাসে একই ভিডিও ব্যবহার করে তৈরি এআই ভিডিও প্রচার করা হলে সেসময় এবিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, পুতুল ১২ ফেব্রুয়ারি সবাইকে বিএনপিতে ভোট দিতে বলার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- World Health Organization South-East Asia Region – WHO SEARO: Youtube Video
- Mitol Ahmed Sabuj: Facebook Post
- DeepFake-o-meter: AVSRDD (2025)
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

