শাকিব খান বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ‘নির্বাচন প্রচারণায় শাকিব খান’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় ১ লাখ ৬৮ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চিত্রনায়ক শাকিব খান বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাবিতে তারেক রহমান ও তার ছবি সংবলিত প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ ।

সুতরাং, শাকিব খান বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- Rumor Scanner’s Analysis

