নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ৮ জানুয়ারি এ বিষয়ে তামিম ইকবালের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এরই প্রেক্ষিতে, ‘তামিমের পক্ষে সাকিব আল হাসান’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে সাকিবকে বলতে দেখা যায়, ‘দেখেন বিসিবি এখন কাদের নিয়ন্ত্রণে আছে যারা কি-না তামিম ইকবালকে দালাল বলছে? বাংলাদেশের পাকিস্তানপন্থী কিছু জনগণের কথায় বিসিবি যে সিদ্ধান্ত নিলো তাতে বাংলাদেশের ক্রিকেট ৫০ বছর পিছিয়ে গেলো। আমাদের এটা বুঝতে হবে ইন্ডিয়াকেই আমাদের প্রয়োজন।’

টিকটকে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ৫৮ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তামিম ইকবালকে নিয়ে দেওয়া বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আইপিএলের ক্রিকেট দল ‘SunRisers Hyderabad’ এর ফেসবুক পেজে ২০১৯ সালের ১৪ মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। তবে উক্ত ভিডিওতে সাকিবকে আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের প্রথম ম্যাচের টিকিট কেনার বিষয়ে কথা বলতে দেখা যায়।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ২০১৯ সালের ২২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেবছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে মাঠে নামেন সাকিব।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুতরাং, তামিম ইকবালকে নিয়ে দেওয়া বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে সম্পাদিত।
তথ্যসূত্র
- Prothom Alo – ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে বিসিবিকে যে পরামর্শ দিলেন তামিম
- SunRisers Hyderabad – Facebook Post
- Jugantor – সাকিবকে যেভাবে স্বাগত জানাল হায়দরাবাদ
- DeepFake-o-meter: AVSRDD (2025)


