ভোটের লড়াইয়ে বিএনপি জামায়াতের পক্ষে বিপক্ষে মন্তব্য; আসল মনে হলেও ভিডিওগুলো মূলত এআই নির্মিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠের ন্যায় সোশ্যাল মিডিয়াতেও নির্বাচনী প্রচারণা সরব নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল দুটির নেতাকর্মীরা একে-অপরের পক্ষে-বিপক্ষে চালাচ্ছেন নানা প্রচার-প্রচারণা। আর এই প্রচারণার সাথে তাল মিলিয়ে বাড়ছে অপতথ্যের সংখ্যাও।

সম্প্রতি, একটি ভিডিও রিউমর স্ক্যানারের নজরে আসে। ভিডিওটিতে এক হিন্দু নারীকে বলতে শোনা যায়, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে আমাদেরকে ইন্ডিয়াতে পাঠানোর ভয় দেখাচ্ছে জামায়াতে ইসলামী। কিন্তু, আমরা সবাই ধানের শীষে ভোট দেব। প্লিজ আমাদের পাশে দাঁড়ান।’

উক্ত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে গিয়ে ‘JokeVerse’ নামক একটি পেজের সন্ধান পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ২০২৫ সালের ২৭ ডিসেম্বর খোলা হয়েছে। মাত্র এক মাসেই পেজটিতে ১৩ হাজারের ওপরে ফলোয়ার যুক্ত হয়েছেন। এছাড়া, পেজটি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৯২ টি পোস্ট করা হয়েছে।

পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, ৯২টি পোস্টের মধ্যে অন্তত ৫৫টি পোস্ট করা হয়েছে বিএনপি এবং জামায়াতের পক্ষে বিপক্ষে আলোচনা-সমালোচনা করে। গত ০৩ জানুয়ারি থেকে এমন পোস্ট লাগাতার করতে দেখা যায়।

গত ০৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত করা অন্তত ৫৫টি পোস্ট বিশ্লেষণ করে দেখা যায় বিএনপি-জামায়াতের পক্ষে-বিপক্ষে একাধিক দাবিতে ভিডিওগুলো প্রচার করা হয়েছে। যেমন– বিএনপিকে ভোট না দিলে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে দাবিতে অন্তত ০৬টি ভিডিও প্রচার করা হয়েছে, দাঁড়িপাল্লায় ভোট না দিলে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দাবিতে অন্তত ০৭টি ভিডিও প্রচার করা হয়েছে। এছাড়া, জামায়াত কর্তৃক হিন্দু ধর্মাবলম্বীদের ভারত পাঠিয়ে দেওয়ার হুমকি দাবিতে অন্তত ০৪টি, বিএনপির রাজনীতি করায় জামায়াত কর্তৃক মারধরের দাবিতে অন্তত ০৬টি, ভোট দিবে না বলায় কিংবা বিএনপির রাজনীতি করার কারণে জামায়াত কর্তৃক বাড়িঘরে আগুন দেওয়ার দাবিতে অন্তত ০৮টি, বিএনপি কর্তৃক মারধরের দাবিতে অন্তত ০১টি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্তৃক মারধরের শিকার হওয়ার দাবিতে অন্তত ০২টি ভিডিও প্রচার করা হয়েছে। শুধু জামায়াত বা বিএনপির বিপক্ষেই নয় বরং, উক্ত পেজটি থেকে জামায়াতের পক্ষে ভোট চেয়ে অন্তত ০৩টি ও বিএনপির পক্ষে ভোট চেয়ে অন্তত ০২টি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়ে অন্তত ০২টি ভিডিও পোস্ট হতে দেখা যায়। 

সামগ্রিকভাবে বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত পেজটি থেকে গত ০৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রচারিত ভিডিওগুলোতে যে দাবিগুলো প্রচার করা হয়েছে তারমধ্যে বিএনপির পক্ষে অর্থাৎ ইতিবাচকভাবে প্রচার করা হয়েছে ১৪টি ভিডিও এবং বিএনপির বিপক্ষে অর্থাৎ নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে অন্তত ০৯টি ভিডিও। পাশাপাশি, জামায়াতকে নিয়ে ইতিবাচকভাবে প্রচার করা হয়েছে অন্তত ০৩টি দাবি এবং নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে অন্তত ৩৫টি দাবি।

এরপর ‘JokeVerse’ নামক পেজটি থেকে প্রচারিত ভিডিওগুলো যাচাই করে দেখা যায়, এটি আসলে কোনো বাস্তব ভিডিও নয় বরং, একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায় এগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ভিডিও।

উক্ত পেজটি থেকে প্রচারিত ভিডিওগুলো কীভাবে তৈরি তা জানতে পেজটির মালিকের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘উক্ত পেজ থেকে প্রচারিত ভিডিওগুলো গুগলের জেমিনি দিয়ে তৈরি। প্রথমত, চ্যাট ডিপিটি দিয়ে ফ্রম্প তৈরি করে পরবর্তীতে জেমিনি দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়।’

বিএনপি এবং জামায়াতকে ঘিরে প্রচারিত ভিডিওগুলোর সামগ্রিক বিশ্লেষণ করে দেখা যায়, গত ০৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রচারিত ৫৫টি ভিডিওর মোট ভিউ হয়েছে ১০ মিলিয়ন অর্থাৎ, এক কোটির উপরে। এছাড়া, পোস্টগুলোতে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তিন লাখ ৭২ হাজার ছয়শো এর উপরে ও পোস্টগুলো শেয়ার করা হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৬৯৭ বার।

অন্যদিকে, পেজটির বায়োতে হাসি, মজা, বিনোদন অর্থাৎ, হাস্যরসাত্মক পেজ উল্লেখ থাকলেও প্রচারিত ভিডিওগুলোতে কোনো ডিসক্লেইমার নেই। ফলে মানুষ প্রচারিত ভিডিওগুলো আসল ভেবেই মন্তব্য করছে; যা প্রচারিত পোস্টগুলোর মন্তব্যের ঘর বিশ্লেষণ করলেই সহজে প্রতীয়মান হওয়া যায়। বিশ্লেষণ করে দেখা যায়, গত ০৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত করা পোস্টগুলোতে মন্তব্য করা হয়েছে দশ হাজার আটশোর উপরে; যা অধিকাংশ মন্তব্য করা হয়েছে বাস্তব ভেবে।

তবে, পেজটি থেকে শুধু বিএনপি জামায়াতের পক্ষে বিপক্ষেই ভিডিও প্রচার করছে না; গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ দেওয়ার আহবান জানিয়ে অন্তত দুইটি (, ) ভিডিও প্রচার করতে দেখা যায় এবং বিএনপিকে ভোট দিলে তিন হাজার করে টাকা দেওয়া হবে দাবিতেও একটি ভিডিও প্রচার করতে দেখা যায়। যার সবগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

অর্থাৎ, ‘JokeVerse’ নামক পেজটি থেকে কখনো বিএনপিকে সমালোচনা করে জামায়াতের পক্ষে আবার কখনো জামায়াতকে সমালোচনা করে বিএনপির পক্ষে জনগণের বাস্তব বক্তব্য দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হচ্ছে। যা দেখে বিভ্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Share: