চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ক্ষেপনাস্থ হামলায় ইসরায়েলের তেল আবিব শহরের চিত্র দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ধোঁয়া ও ধ্বংসস্তূপে ভরা একটি গলির দৃশ্য দেখা যায়। সেখানে একটি বিধ্বস্ত গাড়ি, জ্বলন্ত ভবন, ইসরায়েলের পতাকা ঝুলতে থাকা ব্যালকনি এবং আতঙ্কিত মানুষের চলাফেরা দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইনস্টাগ্রাম, ইউটিউব।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Seraj Ouda’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ৩ মার্চ প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ভিডিওটি ইরানের গোলাবর্ষণের ফলে ইসরায়েলে ধ্বংসযজ্ঞের দৃশ্য বলে দাবি করা হয়েছে। প্রোফাইলটিতে নিজেকে ফিলিস্তিনের একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্টে প্রকাশের আগেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। ওই অ্যাকাউন্টের পোস্টটি ৩ মার্চ প্রকাশ করা হয়, তার আগেই ২ মার্চ থেকে একাধিক ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি প্রচারের (১,২,৩) প্রমাণ পাওয়া যায়।
২ মার্চ প্রচারিত এসব পোস্টে থাকা ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওজুড়ে ‘itsfatimahhh3’ লেখা একটি টিকটক ইউজারনেমের জলছাপ রয়েছে এবং ভিডিওর শেষ অংশে টিকটক লোগোসহ একই ইউজারনেম দেখা যায়। সাধারণত, টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করা হলে এ ধরনের জলছাপ যুক্ত থাকে।
এই সূত্র ধরে ‘itsfatimahhh3’ ইউজারনেমের টিকটক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। সেখানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬টি ভিডিও রয়েছে, যার সবকটিই এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। যদিও আলোচিত ভিডিওটি সেখানে আর পাওয়া যায়নি, তবে গুগল প্রিভিউতে ওই টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হওয়ার প্রমাণ মিলেছে। অর্থাৎ, ভিডিওটি ওই অ্যাকাউন্টে প্রকাশের পর পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে।
Screenshot: Google
পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ডিটেক্টে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। অন্যদিকে সাইটইঞ্জিন নামের আরেকটি ওয়েবসাইটের বিশ্লেষণ অনুযায়ীও ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ।
সুতরাং, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব শহরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Hive Detect.
- Sightengine.


