জামায়াতের সাথে জোট করে রাজাকারের দাগ আমাদের গায়ে লাগাবো না বলে মন্তব্য করেননি আখতার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন হয়ে ১০ দল জোট বা সমঝোতা করেছে যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তার আগে থেকেই নির্বাচনী এই জোট বা সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছিল। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জামায়াতের সাথে জোট করে রাজাকারের দাগ আমাদের গায়ে লাগাবো না’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে এককভাবে ৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ‘জামায়াতের সাথে জোট করে রাজাকারের দাগ আমাদের গায়ে লাগাবো না’ শীর্ষক মন্তব্যটি করেননি বরং, আখতার হোসেন নিজেই জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আখতার হোসেনের মন্তব্য দাবিতে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আখতার হোসেন এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

বরং, অনুসন্ধানে জানা যায়, এনসিপির সাথে জামায়াতের নির্বাচনী জোট বা সমঝোতার প্রেক্ষিতে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচন করছেন আখতার হোসেন। এরই ধারাবাহিকতায় এই আসনে জামায়াতের প্রার্থী এ টি এম আজম খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাছাড়া, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন। এছাড়াও, আখতার হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে সরে দাঁড়ানো জামায়াত প্রার্থী আজম খানের সাথে ভিডিওও আপলোড দিয়েছেন যেখানে আজম খান আখতার হোসেনকে সমর্থন ও শুভকামনা জানান। এছাড়াও, এনসিপির ফেসবুক পেজ থেকে গত ২৮ ডিসেম্বর আখতার হোসেনের মন্তব্য দাবিতে প্রচার করা হয়, ‘ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।’

অর্থাৎ, উপরোক্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আখতার হোসেন জামায়াতের সাথে এনসিপির জোটের পক্ষে আছেন এবং এসময় তার এরূপ মন্তব্য করার দাবি বর্তমান পরিস্থিতির সাথে সাংঘর্ষিক বা অযৌক্তিক।

সুতরাং, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ‘জামায়াতের সাথে জোট করে রাজাকারের দাগ আমাদের গায়ে লাগাবো না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: