রমজান উপলক্ষ্যে আকিজ গ্রুপের দশ হাজার টাকা উপহারের ভুয়া প্রচারণা

সম্প্রতি ‘প্রশ্নাবলীর মাধ্যমে, আপনি 10000 taka পাওয়ার সুযোগ পাবেন।’ দাবিতে ‘আকিজ গ্রুপ – Ramadan উপহার’ শিরোনামে দেশের শিল্পভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘Akij Group’ এর লোগো যুক্ত একটি ওয়েবসাইটের লিংক বিভিন্ন মাধ্যমে, বিশেষত মেসেজিং প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে মেসেজিং প্ল্যাটফর্মে প্রচারিত লিংক দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন রমজান মাস উপলক্ষ্যে আকিজ গ্রুপ ১০০০০ টাকা উপহার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে দাবিতে প্রচারিত বিষয়টি সত্য নয়। প্রতারকরা নগদ ১০০০০ টাকার লোভ দেখিয়ে ব্যবহারকারীদের আকিজ গ্রুপের লোগো সম্বলিত ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করিয়ে ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রতারণামূলক লিংকে নিয়ে যাচ্ছে, যেখানে ব্যক্তিগত তথ্য চুরি, ক্ষতিকর সফটওয়্যার সংক্রমণ এবং আর্থিক প্রতারণার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, মেসেজিং প্ল্যাটফর্মে প্রচার করা লিংকের ওয়েবসাইটে প্রবেশ করার পর ব্যবহারকারীকে প্রথমেই একটি বার্তা দেখানো হয়, যেখানে জানানো হয় যে ‘প্রশ্নাবলীর মাধ্যমে, আপনি 10000 taka পাওয়ার সুযোগ পাবেন।’। চারটি প্রশ্নোত্তরের এসব ধাপ অনুসরণ করার পর ব্যবহারকারীকে জানানো হয় ‘অভিনন্দন, আপনি 10000 taka উপহার জিতেছেন।’

এরপর ব্যবহারকারীর সামনে কিছু শর্ত দেওয়া হয়। তাকে জানানো হয়, পুরস্কার পেতে হলে অবশ্যই এই প্রচারণার লিংক মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ/ মেসেঞ্জার/ টেলিগ্রামের ৫টি গ্রুপে বা ২০ জন বন্ধুর কাছে পাঠাতে হবে। এরপর তাকে বলা হয় যে শর্তটি পূরণ হলে তিনি তার পুরষ্কার দাবি করতে পারবেন।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার পুরো ধাপটি সম্পন্ন করার পর আরও একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে জানানো হয় যে ব্যবহারকারীকে ৳10000 পুরষ্কার দাবি করার জন্য আরও কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এতে বলা হয়, যাচাইকরণ সম্পন্ন করতে নিচের যেকোনো একটি বা একাধিক ধাপ অনুসরণ করতে হতে পারে। এর মধ্যে রয়েছে অ্যাপ ডাউনলোড করা, ফোন নম্বর যোগ করা, নির্দিষ্ট কোনো অ্যাপ ইনস্টল করা, একটি সার্ভে সম্পন্ন করা।

যাচাইকরণের জন্য দেওয়া অপশনে ক্লিক করলে ব্যবহারকারীকে ‘Dangerous site’ শিরোনামে সতর্কবার্তা প্রদান করে। এ ধরনের ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস সংক্রমিত হতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে এবং আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাও থাকে। বিশেষ করে, ফোন নম্বর প্রদান করলে ব্যবহারকারী প্রিমিয়াম এসএমএস চার্জের ফাঁদে পড়তে পারেন, যা অজান্তেই মোবাইল ব্যালান্স কেটে নিতে পারে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে আকিজ গ্রুপের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এ ধরনের কোনো অফারের প্রচারণা খুঁজে পাওয়া যায়নি, এবং গণমাধ্যমেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

সুতরাং, আসন্ন রমজান উপলক্ষ্যে আকিজ গ্রুপ ৳১০০০০ নগদে জেতার সুযোগ দিচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: