নরসিংদীতে আ.লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৪ সালের ঝিনাইদহের ভিডিও প্রচার

গত ১৬ মে নরসিংদী জেলায় আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আয়োজিত আওয়ামী লীগের কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ঝিনাইদহ জেলা পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে নরসিংদীতে সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘মোঃ আল আমিন নিলয়’ নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ২৭ জুন প্রকাশিত পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত দ্বিতীয় ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের সাদৃশ্য রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের দৃশ্য।

পরবর্তীতে, ‘Sohel Rana CT’ নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ১১ জুলাই প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে এটিকে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহে আওয়ামী লীগের উদ্যোগে ২০২৪ সালের ১১ জুলাইয়ের বিক্ষোভ মিছিলের দৃশ্য বলে দাবি করা হয়েছে।

অর্থাৎ, উক্ত বিক্ষোভ মিছিলটি ২০২৪ সালের নির্দিষ্ট কোন সময়ে আয়োজিত তা জানা না গেলেও এটি সাম্প্রতিক সময়ের কোনো মিছিল নয় বলে নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ এর সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যা মামলায় ২০২৪ সালের ১৩ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সুতরাং, নরসিংদীতে আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিল দাবিতে ২০২৪ সালের ঝিনাইদহে বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: