দেশের সকল পোশাক কারখানা বন্ধের খবরটি গুজব

গত ১৬ নভেম্বর ‘কাল থেকে বন্ধ থাকবে সকল পোশাক কারখানা বন্ধ থাকবে’ শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম নিউজ২৪ লোগো সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে একজন সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের নিরাপত্তাজনিত কারনে কাল থেকে দেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেনি বিজিএমইএ। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের একটি অংশ কর্তন করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটিতে ‘এআই-জেনারেটেড’ লেবেল দেখতে পাওয়া যায়। তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আসল। এটি এআই ভিডিও তৈরি নয়।

নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘কাল থেকে বন্ধ দেশের সব গার্মেন্টস’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ’র তৎকালীন সভাপতি এসএম মান্নান কচির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ (, , )প্রচার করে।

সুতরাং, দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণার পুরোনো খবর সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: