হাসনাত আব্দুল্লাহকে উদ্ধৃত করে দেশ টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ‘দুর্নীতি করে মুছলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছির এখন আবার ভারতের কাছে মুছলেকা দিয়ে দেশে এসে মানুষকে বলে গুপ্ত, মানুষ এখনো আপনার দুর্নীতি ও হাওয়া ভবন এর ইতিহাস ভুলে নাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দেশ টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে দেশ টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, দেশ টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দেশ টিভির লোগো এবং সংবাদমাধ্যমটির ওয়েবসাইট ঠিকানার উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, দেশ টিভির ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ এর ছবি সংবলিত ‘বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দেশ টিভির মূল ফটোকার্ডটিতে ‘বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘দুর্নীতি করে মুছলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছির এখন আবার ভারতের কাছে মুছলেকা দিয়ে দেশে এসে মানুষকে বলে গুপ্ত, মানুষ এখনো আপনার দুর্নীতি ও হাওয়া ভবন এর ইতিহাস ভুলে নাই’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, দেশ টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, অন্য কোনো সংবাদমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূল ফটোকার্ড সংবলিত দেশ টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ৭ ফেব্রুয়ারি যশোরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি যশোরে দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লবের ডাক দেন।
সুতরাং, হাসনাত আব্দুল্লাহ ‘দুর্নীতি করে মুছলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছির এখন আবার ভারতের কাছে মুছলেকা দিয়ে দেশে এসে মানুষকে বলে গুপ্ত, মানুষ এখনো আপনার দুর্নীতি ও হাওয়া ভবন এর ইতিহাস ভুলে নাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দেশ টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Desh TV- Facebook Post

