জামায়াত নেতার পাম্পে জ্বালানি মজুদ দাবিতে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তেল নেই লেখা জামায়াত নেতার পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমর দেশের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ২৭ মার্চ ২০২৬ উল্লেখ রয়েছে।
এরই সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আমার দেশের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে একই তারিখে ‘তেল নেই লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে আমার দেশের মূল ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আমার দেশের মূল ফটোকার্ডটিতে ‘তেল নেই লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তেল নেই লেখা জামায়াত নেতার পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আমার দেশের ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স বার্দাস এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়। প্রতিবেদনে জরিমানাকৃত প্রতিষ্ঠানের উল্লেখ থাকলে প্রতিষ্ঠানের বা তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়নি
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘তেল নেই লেখা জামায়াত নেতার পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Amar Desh: Facebook Post
- Rumor Scanner’s analysis

