মাহমুদুর রহমানকে জড়িয়ে বিপ্লবী সরকার সংক্রান্ত ভুয়া দাবিতে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের ছবি সংযুক্ত করে ‘সন্ধায় গঠিত হচ্ছে বিপ্লবী সরকার | প্রধান উপদেষ্টা হবেন মাহমুদুর রহমান’ শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সন্ধায় গঠিত হচ্ছে বিপ্লবী সরকার | প্রধান উপদেষ্টা হবেন মাহমুদুর রহমান’ দাবিতে আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১৯ নভেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ উল্লেখ্য, প্রচারিত ফটোকার্ডে ১৯ নভেম্বর উল্লেখ থাকলেও ফটোকার্ডটি সাম্প্রতিক সময়ে প্রচার করা হয়েছে।

তবে, গত ১৯ নভেম্বরে “সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত” শিরোনামে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সন্ধায় গঠিত হচ্ছে বিপ্লবী সরকার প্রধান উপদেষ্টা হবেন মাহমুদুর রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, লেখার ফন্টেও খানিকটা অমিল রয়েছে।

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটি একটি মন্তব্য প্রতিবেদন যেটি দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান লিখেছেন। মন্তব্য প্রতিবেদনটিতে তিনি বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশের ভেতর ও বাইরের হুমকি বিবেচনায় নিয়ে সামরিক বাহিনীর সার্বিক অবস্থান ও চিন্তাধারা পুনর্নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। এছাড়াও, লেখাটিতে তিনি নানা বিষয় উল্লেখ করে তার পরামর্শসহ বেশ বিস্তৃত আলোচনা করেন।

এছাড়াও, অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজ থেকেও আলোচিত ফটোকার্ডটি ভুয়া জানিয়ে গত ২০ ডিসেম্বরে পোস্ট করতে দেখা যায়।

সুতরাং, “সন্ধায় গঠিত হচ্ছে বিপ্লবী সরকার | প্রধান উপদেষ্টা হবেন মাহমুদুর রহমান” শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: