‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগান শুনে আমীর খসরুর কান্না দাবিতে ভুয়া অডিও সংযুক্ত করে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাঁদো কাঁদো মুখের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “বিএনপি নেতা কাঁদলেন সাধারণ মানুষের মুখে চাঁদাবাজ স্লোগান শুনে”।

উল্লেখ্য যে, প্রচারিত ভিডিওটির ব্যকগ্রাউন্ডে ‘বিএনপি চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান শুনতে পাওয়া যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টটি ৫ লক্ষ ৪০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত টিকটক পোস্টটি ৮ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৫২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অডিও আসল নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘বিএনপি চাঁদাবাজ’ শীর্ষক একটি ভুয়া অডিও সংযুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে মূল ভিডিওটিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য শুনছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ‘দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন নুরুল হক নুর’ শীর্ষক শিরোনামে গত ২০ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির আমীর খসরু ও তার পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

উক্ত ভিডিওটিতে ভিপি নূরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে কথা বলতে ও অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কথা বলতে শোনা যায়। তবে উক্ত ভিডিওটিতে কোথাও ‘বিএনপি চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান শুনতে পাওয়া যায়নি। বরং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য আলোচিত মুখভঙ্গিতে আমীর খসরুকে শুনতে দেখা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে নিউজ২৪ এর ওয়েবসাইটে “দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন নুর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ভিডিওটি মূলত গত ২০ এপ্রিলে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক পরবর্তী সময়ের।

এছাড়া, নুরুল হক নুরের উক্ত বক্তব্য ও আমীর খসরুর এরূপ মুখভঙ্গির ভিডিও আরো একাধিক গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। তবে, কোথাও ‘বিএনপি চাঁদাবাজ’ শীর্ষক স্লোগানটি শুনে আমীর খসরুকে কান্না করতে দেখা যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও এরূপ কোনো ঘটনা ঘটার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘বিএনপি চাঁদাবাজ’ শীর্ষক একটি ভুয়া অডিও সংযুক্ত করে ‘বিএনপি নেতা কাঁদলেন সাধারণ মানুষের মুখে চাঁদাবাজ স্লোগান শুনে’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: