নির্বাচনের পর আ.লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগ- অবস্থান দাবিতে পুরোনো ভিডিওর অডিও বদলে প্রচার

সম্প্রতি, ‘এই মুহূর্তে আওয়ামী লীগের হেডকোয়ার্টার গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের গেরিলা যোদ্ধারা অবস্থান নিয়েছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের শহীদ নূর হোসেন দিবস ঘিরে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানের দৃশ্য। এতে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া স্লোগান সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১০ নভেম্বর রাত ২ টায় প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

হাসিবুল ইসলামের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “জনতার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। | মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।।”
এছাড়া, উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক অন্যতম সমন্বয়ক বাকের মজুমদারের নেতৃত্বে স্লোগান দেওয়া হচ্ছিল। এসময় ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানসহ নানা স্লোগান দিতে দেখা যায়। স্লোগানটির সাথে ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তিদের মুখভঙ্গির সাথেও সাদৃশ্য পাওয়া যায়।
অপরদিকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্লোগানের সাথে স্লোগানরত ব্যক্তিদের মুখভঙ্গির বৈসাদৃশ্য পাওয়া যায়; যা প্রমাণ করে সমন্বয়কদের স্লোগানের অডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনা করে ভিন্ন একটি অডিও যুক্ত করা হয়েছে। তাছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ বাংলাদেশ ছাত্রলীগের হয়ে স্লোগান দেওয়ার বিষয়টিও সাংঘর্ষিক। অধিকন্তু, সমন্বয়ক আবু বাকের মজুমদারের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে ২০২৪ সালের ১০ নভেম্বর প্রথম প্রহরে পোস্ট করা আরো দুইটি ভিডিও (১, ২) পাওয়া যায়। উক্ত ভিডিওগুলোতে থাকা ব্যক্তি ও তাদের পোশাকের সাথেও প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।
পাশাপাশি, ২০২৪ সালের ৯ নভেম্বর দিবাগত রাত বা ১০ নভেম্বর প্রথম প্রহরে এমন স্লোগানের প্রেক্ষাপটের অনুসন্ধান করলে জানা যায়, ২০২৪ সালের ৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১০ নভেম্বরে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল; যার বিপরীতে আওয়ামী বিরোধী ব্যক্তিবর্গ থেকে প্রতিবাদ দেখা গিয়েছিল। অর্থাৎ, এসবেরই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ নভেম্বর দিবাগত রাতে সমন্বয়ক বাকের মজুমদারের নেতৃত্বে স্লোগানটি দেওয়া হয়েছিল।
সুতরাং, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের স্লোগানের দৃশ্যের শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিডিওতে সংযুক্ত অডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Md. Hasibul Islam – Facebook Post
- Md. Abu Baker Mojumder – Facebook Post
- Bangladesh Awami League- Facebook Post
- Rumor Scanner’s own analysis

