‘পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবো না’ শিরোনামে দূরবীন নিউজের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে ‘পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবো না’ শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম দূরবীন নিউজের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমান ‘পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবো না’ শীর্ষক মন্তব্য করেননি এবং  দূরবীন নিউজও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দূরবীন নিউজের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দূরবীন নিউজের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে দূরবীন নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, দূরবীন নিউজের ফেসবুক পেজে গত ২৮ ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : প্রধানমন্ত্রী’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দূরবীন নিউজের মূল ফটোকার্ডটিতে ‘বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : প্রধানমন্ত্রী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘প্রয়োজনে পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবোনা প্রধানমন্ত্রী তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দূরবীন নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবো না’ শিরোনামে দূরবীন নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

Share: