দেশে ফিরেই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন তারেক রহমান দাবিতে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই প্রেক্ষিতে ২৪ ডিসেম্বর অন্তত বিকেল থেকে ‘দেশে ফিরেই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন তারেক রহমান’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘দেশে ফিরেই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন তারেক রহমান’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের এমন কোনো কর্মসূচিও বিএনপি ঘোষণা করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, যমুনা টিভির ফেসবুক পেজে ২৪ ডিসেম্বরে ‘শেষ হচ্ছে অপেক্ষা; আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান’ তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনার মূল ফটোকার্ডটিতে ‘শেষ হচ্ছে অপেক্ষা; আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘দেশে ফিরেই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত যমুনা টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরা ও রাজনৈতিক জীবন নিয়ে লেখা পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
কবর জিয়ারতের বিষয়ে তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ২৬ ডিসেম্বর বাদ জুমা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তিনি আরও বলেন, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন।
সুতরাং, ‘দেশে ফিরেই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন তারেক রহমান’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Television: Facebook Post
- Desh TV – শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
- Rumor Scanner’s analysis

