জুলাই সনদ ও গণভোট নিয়ে মাহমুদা মিতুর মন্তব্য সংবলিত যুগান্তরের ফটোকার্ড সম্পাদনা করে প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুর ছবি সংযুক্ত করে ‘আফসোস এখনো জুলাই ব্যাবসা, গণভোট নিয়ে আমাকে প্রতিরাতে যুদ্ধ করতে হচ্ছে’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আফসোস এখনো জুলাই ব্যাবসা, গণভোট নিয়ে আমাকে প্রতিরাতে যুদ্ধ করতে হচ্ছে’ শিরোনামে দৈনিক যুগান্তর কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডা. মাহমুদা আলম মিতুকে নিয়ে দৈনিক যুগান্তরের প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দৈনিক যুগান্তরের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৩ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৩ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে গত ১৩ মার্চ ডা. মাহমুদা মিতুর ছবি সংযুক্ত ‘আফসোস এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যু’দ্ধ করতে হচ্ছে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক যুগান্তরের মূল ফটোকার্ডটিতে ‘আফসোস এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যু’দ্ধ করতে হচ্ছে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আফসোস এখনো জুলাই ব্যাবসা, গণভোট নিয়ে আমাকে প্রতিরাতে যুদ্ধ করতে হচ্ছে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, দৈনিক যুগান্তরের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত দৈনিক যুগান্তরের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে। জীবন ও দিতে হতে পারে বলা যায় না। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

সুতরাং, ‘আফসোস এখনো জুলাই ব্যাবসা, গণভোট নিয়ে আমাকে প্রতিরাতে যুদ্ধ করতে হচ্ছে’ শিরোনামে দৈনিক যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: