ওসমান হাদির আত্মা কষ্ট পাওয়া নিয়ে জুমার মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমার একটি ছবিসহ “ডাকসু আয়োজনে হাদির স্মরণে স্লোগান না দেওয়ায় হাদির আত্মা কষ্ট পেয়েছে | ফেসবুক পোস্টে ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ডাকসু” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদিকে জড়িয়ে কালের কণ্ঠ পত্রিকা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ফাতিমা তাসনিম জুমাও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক কালের কণ্ঠের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১৮ জানুয়ারি ২০২৬’ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১৮ জানুয়ারি কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত ফাতিমা তাসনিম জুমার মন্তব্য সম্পর্কিত ভিন্ন একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর লোগো, তারিখ ও ডিজাইন মূল ফটোকার্ডের সঙ্গে মিল থাকলেও ফটোকার্ডে থাকা ফাতিমা তাসনিম জুমার মন্তব্য ও ছবির মিল নেই। এছাড়া ফটোকার্ড দুইটির বাক্যে ব্যবহৃত ফন্টে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডে ফেসবুক পোস্টে ফাতিমা তাসনিম জুমার মন্তব্য হিসেবে বলা হয়, ‘ডাকসুর আয়োজনে সিগারেট এর বিতরণ যেমন কাম্য না তেমন গোলামী না আজাদী স্লোগানের বিপরীতে গোলামী করতে চাওয়াও কাম্য না। একটা দিয়ে আরেকটারে কাউন্টার করে নিজেদের ভুল জাস্টিফাই করা বন্ধ করেন উভয় পক্ষ।’

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, কালের কণ্ঠের উল্লেখিত ফটোকার্ডটি সম্পাদনা করেই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, ফাতিমা তাসনিম জুমার ছবিও সম্পাদনা করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে সেসময়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফরমের উদ্যোগে আয়োজিত ‘কুয়াশার গান’ সংগীতানুষ্ঠানে স্মোকিং জোনে বিনা মূল্যে সিগারেট বিতরণ করা হয়েছে। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে সংগীতানুষ্ঠানের আয়োজক ডাকসু ও স্পিরিটস অব জুলাই।..সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেছেন, ডাকসুর আয়োজনে সিগারেটের বিতরণ যেমন কাম্য না, তেমন গোলামি না আজাদি স্লোগানের বিপরীতে গোলামি করতে চাওয়াও কাম্য না। একটা দিয়ে আরেকটারে কাউন্টার করে নিজেদের ভুল জাস্টিফাই করা বন্ধ করেন উভয় পক্ষ।’
উক্ত প্রতিবেদনে ফাতিমা তাসনিম জুমার আলোচিত মন্তব্য করার কোনো উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও ফাতিমা তাসনিম জুমার এরূপ কোনো মন্তব্য করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ওসমান হাদির আত্মা কষ্ট পাওয়া নিয়ে ফাতিমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler Kantho – Facebook Post
- Kaler Kantho – Facebook Page
- Kaler Kantho – Website
Kaler Kantho – YouTube Channel

