‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জুমার সাথে নামাজ পড়তো’ শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম, কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমার ছবিসহ “হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জুমার সাথে নামাজ পড়তো | সাদিক কায়েম” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

অর্থাৎ, দাবি করা হয়েছে, সাদিক কায়েম বলেছেন, ‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জুমার সাথে নামাজ পড়তো’।

উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জুমার সাথে নামাজ পড়তো’ শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম এবং এরূপ দাবিতে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক কালের কণ্ঠের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১৫ জানুয়ারি ২০২৬’ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১৫ জানুয়ারি কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর লোগো, তারিখ, জুমার ছবি ও ডিজাইন মূল ফটোকার্ডের সঙ্গে মিল থাকলেও ফটোকার্ডে সাদিক কায়েমের ছবি নেই। এছাড়া ফটোকার্ড দুইটির বাক্যের ‘হাদিকে হ/ত্যার পরিকল্পনাকারীরা’ এর পরবর্তী অংশের বাক্যাংশে ব্যবহৃত ফন্টে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডে বলা হয়, ‘হাদিকে হ/ত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল: জুমা’।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, কালের কণ্ঠের উল্লেখিত ফটোকার্ডটি সম্পাদনা করেই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, সাদিক কায়েমের ছবিও সম্পাদনা করে যুক্ত করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে সেসময়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।’

উক্ত প্রতিবেদনে সাদিক কায়েমের আলোচিত মন্তব্য করার কোনো উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সাদিক কায়েমের এরূপ কোনো মন্তব্য করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, সাদিক কায়েম ‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জুমার সাথে নামাজ পড়তো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: