১৮ ও ২৪ এর আন্দোলনের বিষয়ে নুরের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ০৬ মার্চ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘আমরা ১৮, ২৪ আমেরিকার অর্থায়নে গাদ্দারীর জন্ম দিয়েছি, ছোট জীবনে মীরজাফর ও মোস্তাক কেউ ছাড়িয়ে গেছি’ শিরোনামে গণমাধ্যম কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নুরুল হক নুর ‘আমরা ১৮, ২৪ আমেরিকার অর্থায়নে গাদ্দারীর জন্ম দিয়েছি, ছোট জীবনে মীরজাফর ও মোস্তাক কেউ ছাড়িয়ে গেছি’ শীর্ষক মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘০৬ মার্চ, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ০৬ মার্চ ‘আমরা ১৮, ২৪-এর জন্ম দিয়েছি, ছোট জীবনে এটাই বড় প্রাপ্তি’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘আমরা ১৮, ২৪-এর জন্ম দিয়েছি, ছোট জীবনে এটাই বড় প্রাপ্তি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমরা ১৮, ২৪ আমেরিকার অর্থায়নে গাদ্দারীর জন্ম দিয়েছি, ছোট জীবনে মীরজাফর ও মোস্তাক কেউ ছাড়িয়ে গেছি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেন, আমরা ১৮, ২৪-এর জন্ম দিয়েছি, ছোট জীবনে এটাই বড় প্রাপ্তি! শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে নুরুল হক নুর বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান না হলে আজকের পরিবর্তিত বাংলাদেশ হতো না। আর ১৮-এর কোটা সংস্কার আন্দোলন না হলে ২৪ হতো না। আমরা ১৮, ২৪-এর জন্ম দিয়েছি। কালের কণ্ঠের উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘আমরা ১৮, ২৪ আমেরিকার অর্থায়নে গাদ্দারীর জন্ম দিয়েছি, ছোট জীবনে মীরজাফর ও মোস্তাক কেউ ছাড়িয়ে’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: