বিএনপি নেতার গোডাউনে ৭০০ লিটার জ্বালানী তেল মিলেছে দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধানের গোডাউনে মিলল ৭০০ লিটার জ্বালানি তেল বিএনপি নেতার গোডাউনে’ শীর্ষক দাবিতে গণমাধ্যম মোহনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ধানের গোডাউনে মিলল ৭০০ লিটার জ্বালানি তেল বিএনপি নেতার গোডাউনে’ এরূপ দাবিতে মোহনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, মোহনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম মোহনা টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৮ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২৮ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, মোহনা টিভির ফেসবুক পেজে গত ২৮ মার্চ এক‌ই ছবি সংযুক্ত ‘ধানের গোডাউনে মিলল ৭০০ লিটার জ্বালানি তেল’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মোহনা টিভির মূল ফটোকার্ডটিতে ‘ধানের গোডাউনে মিলল ৭০০ লিটার জ্বালানি তেল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ধানের গোডাউনে মিলল ৭০০ লিটার জ্বালানি তেল বিএনপি নেতার গোডাউনে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, মোহনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধানে সংবাদমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যশোরের মণিরামপুরে অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) বিকালে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেছেন।

সুতরাং, ‘ধানের গোডাউনে মিলল ৭০০ লিটার জ্বালানি তেল বিএনপি নেতার গোডাউনে’ শীর্ষক দাবিতে মোহনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: