‘জামায়াত ক্ষমতায় এলে বন্যা-ঘূর্ণিঝড় হবে না’— ডা. শফিকুর রহমানের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনদিন বন্যা ঘূর্ণিঝড় আসবে না। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর মনোনীত দল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনদিন বন্যা ঘূর্ণিঝড় আসবে না। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর মনোনীত দল’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশন এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো এবং এটি প্রকাশের তারিখ ৮ জুলাই, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
তবে, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে গত ৮ জুলাই প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো, তারিখ এবং শফিকুর রহমানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের উক্ত ফটোকার্ডটির শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনদিন বন্যা ঘূর্ণিঝড় আসবে না। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর মনোনীত দল’ প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ইনডিপেনডেন্ট টেলিভিশন ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনদিন বন্যা ঘূর্ণিঝড় আসবে না। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর মনোনীত দল : শফিকুর রহমান’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Independent Television Facebook Post

