জামায়াত আমীরের মন্তব্য দাবিতে বাংলাদেশ টাইমসের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘অন্তত পাঁচটি বছর আমাদের দেখুন, মরার পর জান্নাত না পাইলে, আখিরাতে আমাকে ধরবেন : জামায়াত আমির’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জান্নাত নিয়ে জামায়াতের আমীর এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে বাংলাদেশ টাইমসও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, বাংলাদেশ টাইমসের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৩ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২৩ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ২৩ জানুয়ারি উদ্ধৃত করে ‘অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাদেশ টাইমসের মূল ফটোকার্ডটিতে ‘অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন : জামায়াত আমির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘অন্তত পাঁচটি বছর আমাদের দেখুন, মরার পর জান্নাত না পাইলে, আখিরাতে আমাকে ধরবেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শফিকুর রহমান ‘অন্তত পাঁচটি বছর আমাদের দেখুন, মরার পর জান্নাত না পাইলে, আখিরাতে আমাকে ধরবেন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Bangladesh Times- Facebook Post

