তারেক রহমানের মনোনয়ন বৈধতা প্রসঙ্গে বাংলাভিশনের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংযুক্ত করে ‘দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা’ শিরোনামে বাংলাভিশন‌ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে বাংলাভিশনের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘০৩ জানুয়ারি, ২০২৬ উল্লেখ’ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলাভিশন এর ফেসবুক পেজে তারেক রহমানের ছবি সংযুক্ত ‘বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাভিশনের মূল ফটোকার্ডটিতে ‘বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাভিশনের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা’ শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: