বিএনপি আ.লীগের চেয়ে বেশি ইসলাম বিদ্বেষী শীর্ষক মন্তব্য করেননি মুফতি আব্দুল মালেক, ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে উদ্ধৃত করে ‘আওয়ামীলীগ এর পরে বিএনপি সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী দল। আপনি জেনে শুনে একটি ইসলাম বিদ্বেষী দলের ভোট দিতে পারেন না এতে আপনার ইমান থাকবে না’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফেসবুক পেজ দ্যা ডেইলি ডাকসুু এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক বিএনপি ও আওয়ামী লীগকে উদ্ধৃত করে এমন কোনো মন্তব্য করেনি এবং দ্যা ডেইলি ডাকসুও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্যা ডেইলি ডাকসুু কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফেসবুক পেজ দ্যা ডেইলি ডাকসুু এর লোগো এবং এটি প্রকাশের তারিখ ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ফেসবুক পেজটির প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, ফেসবুক পেজটির গত ০৭ ফেব্রুয়ারি ‘নামের মধ্যে শুধু ইসলাম থাকলেই ভোট দেয়া যাবে না-মুফতি আব্দুল মালেক’ শিরোনামে প্রকাশিত ভিন্ন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, ওই পেজের লোগো এবং মুফতি আব্দুল মালেকের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়া দ্যা ডেইলি ডাকসুর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।  

অর্থাৎ, দ্যা ডেইলি ডাকসুর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া মূল ফটোকার্ডে মুফতি আব্দুল মালেকের উল্লেখিত বক্তব্যের বিষয়ে দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে একটি সংবাদ পাওয়া যায়। গণভোট ‘হ্যাঁ’ বা ‘না’ নিয়ে যা বললেন বাইতুল মোকাররমের খতিব’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি খুতবায় তিনি (মুফতি আব্দুল মালেক) ভোটের অধিকারকে একটি পবিত্র ‘আমানত’ হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বক্তব্যের শুরুতেই তিনি গণভোটের ‘হ্যাঁ’ এবং ‘না’ উভয় অপশনের যৌক্তিকতা তুলে ধরেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে কেবল দলের নাম, মনোগ্রাম বা আকর্ষণীয় শ্লোগান দেখে প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন বাইতুল মোকাররমের খতিব। বিশেষ করে অনেক দল ইসলামের নাম ব্যবহার করলেও তাদের ইশতেহার বা কর্মকাণ্ড কতটুকু ইসলামসম্মত, তা খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, ‘শুধু ইসলামের নাম আছে বলেই চোখ বন্ধ করে ভোট দেওয়ার সুযোগ নেই।’ ‘অনেক দল ইসলামের নাম ব্যবহার করলেও তাদের ইশতেহার বা কর্মকাণ্ড সেকুলার দলের মতো হতে পারে। তাই কোনো দলের আদর্শ, লক্ষ্য এবং তারা প্রকৃত ইসলাম বাস্তবায়ন করতে পারবে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন’, বলেন তিনি।

প্রতিবেদনের কোথাও আওয়ামী লীগ, বিএনপিকে জড়িয়ে মুফতি আব্দুল মালেক বক্তব্য দিয়েছেন এমন তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়াও অন্যান্য কোনো গণমাধ্যমেও এমন বক্তব্যের অস্তিত্ব মেলেনি।

সুতরাং, মুফতি আব্দুল মালেককে উদ্ধৃত করে ’আওয়ামীলীগ এর পরে বিএনপি সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী দল। আপনি জেনে শুনে একটি ইসলাম বিদ্বেষী দলের ভোট দিতে পারেন না এতে আপনার ইমান থাকবে না’’ শিরোনামে দ্যা ডেইলি ডাকসু পেজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: