‘জামায়াতে ইসলামীর অনুরোধে হরমুজে বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান’ শিরোনামে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে যৌথ হামলা চালায় এবং এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। এই সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পরিবহন করা হয়। এটি বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের এক-চতুর্থাংশের বেশি। সম্প্রতি ‘জামায়াতে ইসলামীর অনুরোধে হরমুজ-এ বাংলাদেশের জাহাজেবাধা দিবেনা ইরান’ শিরোনামে মূলধারার গণমাধ্যম বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর অনুরোধে ইরান হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজে কোনো প্রকার বাধা দিবেনা এমন কোনো বিবৃতি দেয়নি ইরান এবং বাংলাভিশনও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাভিশন কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১০ মার্চ, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ১০ মার্চ ‘হরমুজ-এ বাংলাদেশের জাহাজে বাধা দেবে না ইরান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, বাংলাভিশনের লোগো এবং সমুদ্র ও জাহাজের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়াও বাংলাভিশনের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে ইরান আশ্বাস দিয়েছে। তবে জাহাজ প্রবেশের আগে আগাম তথ্য জানাতে বলা হয়েছে। উক্ত প্রতিবেদনের কোথাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনুরোধের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। দেশের অন্যান্য গণমাধ্যমেও এ বিষয়ে প্রকাশিত সংবাদে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এ ধরনের কোনো দাবি করা হয়নি।
সুতরাং, আলোচিত ‘জামায়াতে ইসলামীর অনুরোধে হরমুজ-এ বাংলাদেশের জাহাজেবাধা দিবেনা ইরান’ শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- BanglaVision – Facebook Page
- BanglaVision – Website
- BanglaVision – YouTube Channel
- BanglaVision – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis

