সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে জামায়াতকে জড়িয়ে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, সৈয়দা রিজওয়ানা হাসান “আমি যদি কখনো ধর্ষণের স্বীকার হই, তাহলে এটার জন্য জামায়াত ইসলাম দায়ী” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদভিত্তিক প্লাটফর্ম প্রতিদিন খবরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।  

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে “আমি যদি কখনো ধর্ষণের স্বীকার হই, তাহলে এটার জন্য জামায়াত ইসলাম দায়ী” শিরোনামে প্রতিদিন খবর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং সৈয়দা রিজওয়ানা হাসানও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রতিদিন খবরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সংবাদভিত্তিক প্লাটফর্ম প্রতিদিন খবরের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘ ৬ মার্চ ২০২৬’ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে প্রতিদিন খবর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রতিদিন খবরের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, প্রতিদিন খবরের ফেসবুক পেজে একই তারিখে ‘কখনো যেন জামায়াত মেইন স্ট্রিম হতে নাহ পারে। আমার সে কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দিই নাই।’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। প্রতিদিন খবরের মূল ফটোকার্ডটিতে ‘কখনো যেন জামায়াত মেইন স্ট্রিম হতে নাহ পারে। আমার সে কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দিই নাই: সৈয়দা রিজওয়ানা হাসান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমি যদি কখনো ধর্ষণের স্বীকার হই, তাহলে এটার জন্য জামায়াত ইসলাম দায়ী: সৈয়দা রিজওয়ানা হাসান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, প্রতিদিন খবরের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, কোনো নির্ভরযোগ্য সূত্রেও জামায়াতে ইসলামীকে জড়িয়ে রিজওয়ানার এমন কোনো বক্তব্য দেওয়ার প্রমাণ মেলেনি।

সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসান “আমি যদি কখনো ধর্ষণের স্বীকার হই, তাহলে এটার জন্য জামায়াত ইসলাম দায়ী” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রতিদিন খবরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: