বিএনপি প্রসঙ্গে তারেক রহমানকে উদ্ধৃত করে ইত্তেফাকের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান ‘চাঁদাবাজি ঢেন্ডাবাজি দলিও কর্মী খুনের দায় আমার বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির বিজয় অনিশ্চয়তার মধ্যে আছে- দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখে ধানের শীষে ভোট দিন।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নিয়ে তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে দৈনিক ইত্তেফাকও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, দৈনিক ইত্তেফাকের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের লোগোর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১০ ফেব্রুয়ারি তারিখে তারেক রহমানের মন্তব্য দাবিতে ‘রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে ‘রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চাঁদাবাজি ঢেন্ডাবাজি দলিও কর্মী খুনের দায় আমার বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির বিজয় অনিশ্চয়তার মধ্যে আছে- দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখে ধানের শীষে ভোট দিন। -তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, দৈনিক ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত দৈনিক ইত্তেফাকের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত৷ ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

সুতরাং, তারেক রহমান ‘চাঁদাবাজি ঢেন্ডাবাজি দলিও কর্মী খুনের দায় আমার বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির বিজয় অনিশ্চয়তার মধ্যে আছে- দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখে ধানের শীষে ভোট দিন।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: